কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত থেকে পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্য হলেন এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত। তাদেরকে দ্রুত ফেরত আনার বিষয়ে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।
তিনি বলেন, ইতোমধ্যে আমাদের সঙ্গে বিএসএফের আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে। আমরা খুব শিগগিরই আমাদের দুজন পুলিশ সদস্যকে ফেরত পাব। সে প্রস্তুতি চলছে। তারা অক্ষত আছেন, তাদের কোনো ধরনের সমস্যা হয়নি।
বিজিবির এই কর্মকর্তা বলেন, দায়িত্ব পালন করতে গেলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও অস্বাভাবিক নয়।
ঘটনাস্থলের ভৌগোলিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ওই এলাকায় পাহাড় ও জঙ্গলের সমাহার রয়েছে। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার আওতাধীন শশীদল সীমান্তে এ ঘটনা ঘটেছে।
দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে জানিয়ে লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, আমরা আশাবাদী, খুব শিগগিরই দুই দেশের মধ্যে বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মাদক উদ্ধারের কাজে ব্রাহ্মণপাড়া থানার ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় যান। এ সময় নতুন কনস্টেবল রোহিত রাস্তা চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় প্রবেশ করেন। পরে স্থানীয় মাদক কারবারিরা তাকে আটক করেন। কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরানকেও আটক করে বিএসএফ।
//এফ//

