রান্না-বান্না ডেস্ক
বিকেলের আড্ডা জমাতে গরম গরম এক বাটি হালিমের জুড়ি মেলা ভার। নরম ডাল, চাল, মসলা আর মাংসের মিশেলে তৈরি এই ঐতিহ্যবাহী পদ যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিতেও ভরপুর। বাইরে থেকে কিনে আনার প্রয়োজন নেই, ঘরে থাকা ডাল, চাল ও মসলা দিয়েই খুব সহজে তৈরি করতে পারেন মজাদার হালিম।
আসুন জেনে নেওয়া যাক ঘরোয়া উপকরণে সুস্বাদু ও পুষ্টিকর হালিম তৈরি করবেন যেভাবে-
উপকরণ
ডাল ও শস্যের মিশ্রণ
ভাঙ্গা গম আধা কাপ
পোলাওর চাল ১/৪ কাপ
মসুর ডাল ২ টেবিল চামচ
মুগ ডাল ২ টেবিল চামচ
বুটের ডাল ২ টেবিল চামচ
মাষকলাই ডাল ২ টেবিল চামচ
মটর বা অড়হর ডাল ২ টেবিল চামচ
বিশেষ হোমমেড হালিম মসলা
জিরা ১ চা চামচ
ধনে ১ চা চামচ
মৌরি আধা চা চামচ
গোলমরিচ ১০-১২টি
শুকনো মরিচ ৩-৪টি
এলাচ ৪-৫টি
দারুচিনি ২ টুকরো (মাঝারি)
লবঙ্গ ৫-৬টি
জয়ত্রী ১টি ছোট পাপড়ি
জয়ফল ১/৪ অংশ
তেজপাতা ১টি
মাংস রান্নার জন্য
খাসি বা গরুর মাংস (হাড় ও সামান্য চর্বিসহ) আধা কেজি
পেঁয়াজ কুচি ১ কাপ
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
মরিচ গুঁড়া আধা চা চামচ (স্বাদমতো)
তৈরি করা হালিম মসলা ২ টেবিল চামচ
টক দই ১/৪ কাপ
সয়াবিন তেল বা ঘি আধা কাপ
লবণ স্বাদমতো
পরিবেশনের জন্য
পেঁয়াজ বেরেস্তা আধা কাপ
মিহি আদা কুচি ২ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি ২-৩টি
ধনেপাতা ও পুদিনা পাতা কুচি পরিমাণমতো
লেবুর টুকরো ৪-৫টি
প্রস্তুত প্রণালি
প্রথমে গম, চাল ও সব ধরনের ডাল ভালো করে ধুয়ে নিন। এরপর পর্যাপ্ত পানিতে অন্তত ৪ থেকে ৫ ঘণ্টা ভিজিয়ে রাখুন। ভেজানো ডাল ও চাল সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে হালকা ব্লেন্ড করে আধাভাঙা করে নিন। চাইলে পাটায়ও আধাভাঙা করে নিতে পারেন। হালিমের মসলার উপকরণগুলো একটি শুকনো কড়াইয়ে হালকা করে টেলে নিন। ঠান্ডা হলে গুঁড়া করে আলাদা করে রাখুন।
এবার কড়াই বা প্রেশার কুকারে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি করে ভেজে নিন। এতে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদমতো লবণ এবং তৈরি করে রাখা হালিম মসলার প্রায় তিন-চতুর্থাংশ দিয়ে দিন। সামান্য পানি ছিটিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিন।
মসলা কষানো হয়ে এলে টক দই ও মাংসের টুকরো দিয়ে ভালোভাবে নেড়ে ১০ থেকে ১৫ মিনিট কষান। এরপর মাংস সেদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো পানি দিন। প্রেশার কুকার ব্যবহার করলে ৫ থেকে ৬টি সিটি দিয়ে মাংস একদম নরম করে সিদ্ধ করে নিন।
অন্যদিকে, একটি বড় ও ভারী তলার হাঁড়িতে আধাভাঙা ডাল, চাল ও শস্যের মিশ্রণ ঢেলে দিন। এতে ৬ থেকে ৮ কাপ পানি ও সামান্য লবণ দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। ডাল ও শস্য যেন হাঁড়ির তলায় লেগে না যায়, সেজন্য মাঝেমধ্যে ভালোভাবে নেড়ে দিন। সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে মিশ্রণটি ঘন হয়ে এলে রান্না করা মাংস ঝোলসহ এতে ঢেলে দিন।
ফেলে দেওয়া জাম্বুরার খোসাতেই তৈরি করুন মোরব্বা
এবার মাংস ও ডালের মিশ্রণ ভালোভাবে নেড়ে একসঙ্গে মিশিয়ে নিন। চুলার আঁচ একেবারে কমিয়ে ২০ থেকে ২৫ মিনিট দমে রান্না করুন। মাঝে মাঝে কাঠের খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে দিন। এতে মাংস ও ডাল আরও ভালোভাবে মিশে গিয়ে হালিমে ঘন ও থকথকে ভাব আসবে। হালিম নামানোর প্রায় ৫ মিনিট আগে বাকি হালিম মসলা ও ১ টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর চুলা থেকে নামিয়ে নিন।
পরিবেশনের জন্য একটি ছড়ানো মাটির হাঁড়িতে গরম হালিম ঢেলে ওপরে পেঁয়াজ বেরেস্তা, মিহি আদা কুচি, কাঁচামরিচ কুচি ও ধনেপাতা ছড়িয়ে দিন। সবশেষে লেবুর টুকরো দিয়ে পরিবেশন করুন। গরম গরম পরিবেশন করলে হালিমের স্বাদ ও ঘ্রাণ দুটোই আরও জমে উঠবে।

