রান্না ঘর ডেস্ক
বিকেলের নাস্তায় চপ থাকলে বাঙালির মন ভালো হতে বাধ্য! নানা ধরনের চপের স্বাদ নিতে আমরা কমবেশি সবাই পছন্দ করি। আলুর চপ, ডালের চপ কিংবা সবজির চপ-নাম আলাদা হলেও প্রতিটির স্বাদেই রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। বিশেষ করে গরম গরম আলুর চপের সঙ্গে এক কাপ চা যেন বিকেলের আড্ডাকে আরও জমিয়ে তোলে।
তবে চপ মানেই যে শুধু আলু দিয়ে তৈরি করতে হবে, এমনটা নয়। ঘরে থাকা বেগুন, আলু ও ডিম দিয়েই তৈরি করা যায় একেবারে অন্যরকম স্বাদের চপ। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন সুস্বাদু। বাইরে হালকা মচমচে আবরণ আর ভেতরে নরম বেগুন, আলু ও ডিমের পুরে এক কামড়েই মিলবে দারুণ স্বাদের মেলবন্ধন।
আসুন জেনে নেওয়া যাক বাড়িতেই বেগুন, আলু ও ডিমে দিয়ে কীভাবে এই চপ বানাবেন-
উপকরণ
সিদ্ধ আলু ৩ টি
সিদ্ধ ডিম ২ টি
বেগুন ১টি
বেসন ১ কাপ
পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
পেঁয়াজ বেরেস্তা ১ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি স্বাদমতো
আদা-রসুন বাটা ১ চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
হলুদ গুঁড়া আধা চা চামচ
জিরা গুঁড়া আধা চা চামচ
ধনে গুঁড়া আধা চা চামচ
লবণ স্বাদমতো
তেল ভাজার জন্য পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে সিদ্ধ আলু ভালোভাবে চটকে নিন। এর সঙ্গে পেঁয়াজ বেরেস্তা ,পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিন। এবার সিদ্ধ ডিমগুলো গোল করে টুকরো করে রাখুন। বেগুন ভালোভাবে ধুয়ে লম্বা ও পাতলা টুকরো করে কেটে নিন।
এবার বেগুনের একটি পাতলা টুকরোর মাঝখানে পরিমাণমতো আলুর পুর দিন। তার ওপর একটি সিদ্ধ ডিমের টুকরো রেখে ভাঁজ করে নিন। হাত দিয়ে আলতো করে চেপে দিন, যাতে ভাজার সময় পুর বেরিয়ে না আসে।
অন্যদিকে চপের বাইরের আবরণ তৈরির জন্য একটি পাত্রে বেসন, সামান্য চালের গুঁড়া হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, আদা-রসুন বাটা ও লবণ নিন। অল্প অল্প করে পানি দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করুন। গোলা যেন খুব পাতলা না হয়, আবার অতিরিক্ত ঘনও না হয়।
এবার তৈরি করা বেগুনের চপগুলো একে একে ব্যাটারে চুবিয়ে নিন। কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে চপগুলো ছেড়ে দিন। ধীরে ধীরে উল্টেপাল্টে ভাজুন, যাতে চারপাশ সমানভাবে সোনালি ও মচমচে হয়ে যায়।
চপ ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে কিচেন টিস্যুর ওপর তুলে রাখুন। গরম গরম পরিবেশন করুন ভাতের সঙ্গে কিংবা টমেটো সস, কাঁচা মরিচ ও পেঁয়াজের সঙ্গে।

