আন্তর্জাতিক ডেস্ক
২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন এই ব্যবস্থায় হজযাত্রার প্রয়োজনীয় বিভিন্ন সেবা একটি ইলেকট্রনিক চুক্তির আওতায় আনা হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইলেকট্রনিক পাথ প্ল্যাটফর্মের মাধ্যমে প্যাকেজটি দেওয়া হবে। সৌদি আরবে হজযাত্রীদের পৌঁছানো থেকে শুরু করে দেশে ফিরে যাওয়া পর্যন্ত পুরো যাত্রাপথের প্রয়োজনীয় সেবা এতে অন্তর্ভুক্ত থাকবে।
প্যাকেজের প্রধান ৪টি সেবার মধ্যে রয়েছে পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবা, মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত এবং খাবারের ব্যবস্থা। এর পাশাপাশি হজযাত্রীদের জন্য অতিরিক্ত কিছু সুবিধা বা সমৃদ্ধকরণমূলক সেবাও নেওয়ার সুযোগ থাকবে।
সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ব্যবস্থার মাধ্যমে বিদেশি হজবিষয়ক দপ্তর ও এজেন্সিগুলো বিভিন্ন শ্রেণির হজযাত্রীর জন্য প্রয়োজন অনুযায়ী আলাদা কর্মসূচি তৈরি করতে পারবে। একই সঙ্গে চুক্তির কাঠামো হবে স্পষ্ট ও নমনীয়।
১৪৪৮ হিজরি সালের হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এই প্যাকেজ চালু করা হয়েছে। সৌদি সরকারের ভিশন ২০৩০ এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের লক্ষ্য বাস্তবায়নের সঙ্গেও এটি সামঞ্জস্যপূর্ণ।
আগামী হজ মৌসুমের প্রস্তুতিতে এরই মধ্যে কাজ শুরু করেছে সৌদি মন্ত্রণালয়। ৭৫টিরও বেশি দেশের হজবিষয়ক দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পরিচালন পরিকল্পনা, বিধিবিধান ও প্রয়োজনীয় শর্ত নিয়ে আলোচনা করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে হজ ব্যবস্থাপনায় ডিজিটাল অবকাঠামোও সম্প্রসারণ করেছে সৌদি আরব। মন্ত্রণালয়ের বিভিন্ন ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে হজযাত্রী ও সেবাদাতাদের জন্য চুক্তি, কার্যক্রম পরিচালনা এবং ভিসা প্রক্রিয়াকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা হচ্ছে।
সূত্র: গালফ নিউজ

