নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ্ হলের আবাসিক শিক্ষার্থী ও রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র মুরাদুল ইসলাম মুরাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মুরাদের গ্রামের বাড়ি নীলফামারী জেলায়।
সহপাঠী ও হল সূত্রে জানা যায়, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুরাদ। এ সময় হলের বন্ধু ও বড় ভাইয়েরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবিবার(২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় শহীদুল্লাহ্ হল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। শহীদুল্লাহ্ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আমিনূল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে মুরাদ মারা গেছে। আমরা এখন তার জানাজার জন্য দাঁড়িয়েছি।
স্নাতক শেষ করার আগেই মুরাদের এমন আকস্মিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শহীদুল্লাহ্ হলে শোকের ছায়া নেমে এসেছে।

