কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ বাঁচাতে দোতলা থেকে পাশের নালায় লাফ দেন এক ব্যক্তি ও তার স্ত্রী। পরে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিতে যান। আগুন থেকে বেঁচে ফেরা ওই ব্যক্তি জানিয়েছেন, রিসোর্টে অবস্থানরত অনেকের বেঁচে থাকা নিয়ে তারা শঙ্কিত।
ওই ব্যক্তি বলেন, ‘আমি ও আমার স্ত্রী রিসোর্টের দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি। তারপর সদর হাসপাতালে এসেছি। রিসোর্টে প্রায় ২০ থেকে ২৫ জনের বেশি মানুষ ছিলেন। আমার জানামতে, আমাদেরসহ এখন পর্যন্ত নয়জন সেখান থেকে জীবিত বের হতে পেরেছেন। আর বাকিরা সম্ভবত মারা গেছেন। আমাদের পাশের একজনের তিনটি বাচ্চাই মারা গেছে।’
রিসোর্টের কর্মীদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রিসোর্টের যারা আছেন, তারা আদৌ বেঁচে আছেন কি না, জানি না। আমরা তাদের কাউকেই দেখিনি।’
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভের পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সাতজন। এ ছাড়া ১০ জনকে উদ্ধার করা হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করে। ভয়াবহ এ আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
//L//

