বিনোদন ডেস্ক
অভিনেত্রী কৃতি শ্যাননের একটি পোশাক নিয়ে বিতর্ক গড়িয়েছিল প্রাইমটাইম টেলিভিশনের আলোচনায়। কয়েক মাস পর সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন কৃতি। কারিনা কাপুর খানের উপস্থাপনায় ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ সিজন ৬-এর ট্রেলারে তিনি জানান, নিজের পোশাক নিয়ে এতটা আলোচনা হবে, তা কখনো ভাবেননি।
কারিনার সঙ্গে কথোপকথনে কৃতি বলেন, “আমি বিশ্বাসই করতে পারিনি যে আমার চোলি প্রাইমটাইমের খবরে ছয়জনের প্যানেল আলোচনার বিষয় হয়ে উঠেছিল।” এর জবাবে কারিনা বলেন, “আমি জানি।”
শোয়ের শেষের দিকে নারীরা আসলে কী চান—এমন প্রশ্নের উত্তরে কৃতি বলেন, “বিচার না করা হোক, আর মানুষকে নিজের কাজ নিয়ে মাথা ঘামাতে দেওয়া হোক।”
‘হোয়াট উইমেন ওয়ান্ট’ সিজন ৬-এ কৃতি ছাড়াও আলি ফজল, নেহা কক্কর, মহীপ কাপুর, ভাবনা পান্ডে, মিকি কনট্র্যাক্টর ও মীরা রাজপুতসহ আরো অনেক তারকাকে দেখা যাবে।
কৃতিকে ঘিরে বিতর্কের শুরু গয়নার ব্র্যান্ড জিআইভিএর রাখিবন্ধন উপলক্ষে প্রকাশিত একটি বিজ্ঞাপন থেকে। বিজ্ঞাপনে ৩৬ বছর বয়সি এই অভিনেত্রীকে ভাইয়ের পাশাপাশি পোষা কুকুরের হাতেও রাখি বাঁধতে দেখা যায়। সে সময় তার পরনে ছিল ইন্দো-ওয়েস্টার্ন পোশাক।
বিজ্ঞাপনটিতে অফ-হোয়াইট রঙের ব্রালেট-ধাঁচের ব্লাউজ, কেপ ও ড্রেপ করা স্কার্ট পরেছিলেন কৃতি। ঐতিহ্যবাহী রক্ষাবন্ধন উৎসবকে আধুনিকভাবে তুলে ধরাই ছিল প্রচারণাটির উদ্দেশ্য। তবে, পোশাকটি এই উৎসবের জন্য উপযুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।
বিজ্ঞাপনে কৃতির পোষা কুকুরকেও রাখা হয়েছিল। একটি দৃশ্যে কুকুরটি ঘেউ ঘেউ করার পর তার গলায় রাখি বাঁধতে দেখা যায় কৃতিকে। বিজ্ঞাপনের এই উপস্থাপনাও দর্শকদের একাংশের ভালো লাগেনি। বিতর্কের পর বিজ্ঞাপনটি সরিয়ে নেয় জিআইভিএ।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনটি নিয়ে সমালোচনা শুরু হয়। কেউ কেউ ‘ককটেল টু’ অভিনেত্রীর পোশাককে ঐতিহ্যবাহী উৎসবের জন্য অনুপযুক্ত বলে মন্তব্য করেন। আবার কেউ কেউ বিজ্ঞাপনে রক্ষাবন্ধনকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন। বিশেষ করে প্রচলিত উৎসবের উপাদান না থাকা এবং পোষা কুকুরকে যুক্ত করার বিষয়টি আলোচনায় আসে।
পরে ইনস্টাগ্রামে এই বিতর্কের জবাব দেন কৃতি। তিনি বলেন, “কোনো উৎসবের মূল বিষয় পোশাক নয়; বরং সেই উৎসবের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ ও ঐতিহ্য।”
কৃতি লেখেন, “উৎসবের মূল বিষয় আপনি কী পোশাক পরেছেন, তা নয়; বরং ঐতিহ্যের প্রতি আপনার আবেগ ও তার অর্থ কী, সেটিই গুরুত্বপূর্ণ। রাখিবন্ধন হলো সুরক্ষার বন্ধন। আমার বোন ও আমি একে অপরকে রাখি বাঁধি। আমরা জানি, একজন ভাই যতটা পারে, তার চেয়ে কোনো অংশে কম একে অপরকে রক্ষা করতে পারি না। আমরা একে অপরের সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘ জীবন কামনা করি। আর আমাদের কাছে এই প্রার্থনা ও প্রতিশ্রুতি আমাদের কুকুরগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ, তারাও আমাদের পরিবারের অংশ!”
নারীর পোশাক ও সাংস্কৃতিক পরিচয় নিয়ে চলমান বিতর্ক নিয়েও প্রশ্ন তোলেন কৃতি। তিনি লেখেন, “আর কতদিন আমরা নারীদের কী পরতে হবে, তা বলে যাব? সময়ের সঙ্গে পোশাকের ধরন বদলেছে, কিন্তু এখনো একজন নারীর সংস্কৃতির প্রতি সম্মানকে শুধু তার পোশাক দিয়েই বিচার করা হয়! সংস্কৃতি ও ঐতিহ্য তার হৃদয়ে, গলার নিচে নয়!”
বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার বিষয়ে পরে জিআইভিএও একটি বিবৃতি দেয়। ব্র্যান্ডটি জানায়, তারা কৃতির পাশে আছে। ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা ইশেন্দ্র আগারওয়াল স্পষ্ট করেন, বিজ্ঞাপনের মূল বার্তা নিয়ে তাদের অবস্থান বদলায়নি। মূলত নিজেদের কর্মী ও স্টোরগুলোর নিরাপত্তার কথা বিবেচনা করেই বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইশেন্দ্র আগারওয়াল লেখেন, “কৃতিকে নিয়ে আমাদের রক্ষাবন্ধন প্রচারণা ঘিরে চলমান আলোচনা এবং বিশেষ করে আমরা এই প্রচারণা বা এর বার্তার পাশে দাঁড়াইনি; এমন ধারণার বিষয়টি আমি অনুসরণ করছি। আমি পরিষ্কার করে বলতে চাই, এই প্রচারণার উদ্দেশ্যের প্রতি আমাদের বিশ্বাস এখনো অপরিবর্তিত।”
কাজের দিক থেকে কৃতিকে সর্বশেষ দেখা গেছে রোমান্টিক কমেডি-ড্রামা ‘ককটেল টু’-এ। সিনেমাটিতে তার সঙ্গে ছিলেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা।
*ইন্ডিয়া টুডে অবলম্বনে
//T//

