মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বই পড়ে মেধা যাচাইয়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে ল্যাপটপ জিতেছে আট শিক্ষার্থী। এ ছাড়া চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ৭৪০ শিক্ষার্থীকে বই ও সনদ দেওয়া হয়েছে।
আটটি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে ল্যাপটপ পেয়েছে ফাতেমা জাহান, রাজশ্রী হালদার, অদ্রিজা পাল, আসাদুজ্জামান শিহাব, উম্মে কুলসুম মীম, তাসনুভা সুহা, উম্মে নাফিসা মাইমুনাহ ও ফাতেমা সুলতানা। প্রতিটি ক্যাটাগরিতে আরও ৯ জন করে শিক্ষার্থী সনদ, ক্রেস্ট ও বই পেয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ‘শ্রীমঙ্গল বইপড়া উৎসব ২০২৬’-এর ফল প্রকাশ ও সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ল্যাপটপসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।
‘বই পড়ি, মন গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান; অনুষ্ঠান সঞ্চালনা করেন উৎসবের প্রধান সমন্বয়ক দেবাশীষ দাশ।
ইউএনও জিয়াউর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন সমৃদ্ধ করার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। শ্রীমঙ্গলের ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ হাজারের বেশি শিক্ষার্থী এবং উন্মুক্ত ক্যাটাগরির বইপ্রেমীরা এতে অংশ নেয়। উৎসবে তিনটি পর্বে প্রায় ৩৮টি বই পড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, বই পড়ার অভ্যাস শিক্ষার্থীদের অজানাকে জানার আগ্রহ বাড়ায়, চিন্তাশক্তি বিকশিত করে এবং দেশ গঠনে ভূমিকা রাখতে সহায়তা করে। উৎসবের মাধ্যমে বিদ্যালয়গুলোর গ্রন্থাগার চর্চাও নতুন করে সচল হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগে শ্রীমঙ্গলে পাঠকসমৃদ্ধ পরিবেশ গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
//L//

